নওগাঁর মান্দা উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা খালেক মাসুদের পরিবারের সঙ্গে একই গ্রামের হাসান, হাতেম ও সম্রাটদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৪ জুন খালেক মাসুদের দোতলা বসতবাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে এবং বাড়িতে স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট করে দেয়। এ সময় ঘরে থাকা মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির আশপাশের বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি করে দিয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কাটার ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীর স্ত্রী মোছা. আকলিমা পারভীন মাহমুদা বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অভিযুক্তদের অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “বর্তমানে নিজেদের বাড়িতেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নওগাঁ প্রতিনিধি 






















