বিশ্বকাপ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের জন্য জায়ান্ট এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে। খেলা উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হচ্ছেন। প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে এমন পরিবেশ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
খেলা দেখতে আসা শিক্ষার্থীরা জানান, একসঙ্গে বড় পর্দায় খেলা উপভোগের সুযোগ ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ার পাশাপাশি বিশ্বকাপের আনন্দও আরও বেশি উপভোগ করা সম্ভব হচ্ছে।
জকসুর ক্রীড়া সম্পাদক জর্সিস আনোয়ার নাঈম বলেন, নির্বাচনের সময় শিক্ষার্থীদের কাছে দেওয়া আমার অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। প্রয়োজনে স্ক্রিনের পরিধি বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আবাসন সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনোদন ও সাংস্কৃতিক সুযোগও সীমিত। এমন বাস্তবতায় এ আয়োজন শিক্ষার্থীদের জন্য ভিন্নমাত্রার আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
তিনি বলেন, বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসর। আমরা চাই, জবির শিক্ষার্থীরাও এই বৈশ্বিক উৎসবের আনন্দ সম্মিলিতভাবে উপভোগ করুক। এই উদ্যোগ শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
kalprakash.com/SAS
জবি প্রতিনিধি 





















