ইরান ইস্যু এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের চলমান টানাপোড়েনের মধ্যেই বহুল আলোচিত বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয় এই উচ্চপর্যায়ের বৈঠক।
বৈঠকের আগে গ্রেট হলের সামনে লাল গালিচায় দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। এর আগে বুধবার (১৩ মে) বিশেষ উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’-এ করে দুই দিনের সফরে চীনে পৌঁছান ট্রাম্প। বেইজিং বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
স্বাগত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় পতাকা উড়িয়ে ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়। ‘ওয়েলকাম, ওয়েলকাম’ স্লোগানে মুখর ছিল পুরো পরিবেশ।
বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, তিনি বিশ্বের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে চীনে এসেছেন। শি জিনপিংকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে দুই দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত সমাধান করা হয়েছে।
ট্রাম্প বলেন,‘আমি আপনাকে ফোন দিতাম, আপনি আমাকে ফোন দিতেন। যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা দ্রুত সমাধান করেছি।’
তিনি আরও বলেন,‘আজ বিশ্বের সেরা ব্যক্তিরা এখানে এসেছেন শুধুমাত্র আপনাকে সম্মান জানাতে।’
এই বৈঠককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোর একটি হিসেবে উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন, আলোচনা ফলপ্রসূ হবে। একই সঙ্গে শি জিনপিংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তার ভাষায়,‘আপনার সঙ্গে দেখা হওয়া এবং আপনার বন্ধু হওয়া আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এর আগে কখনো এত ভালো ছিল না।’
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 























