বাঙালির চিরন্তন আবেগ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করেছে কানাডা প্রবাসীদের সংগঠন ‘ক্যালগেরি টেগোর সোসাইটি’। প্রবাসে বাঙালি সংস্কৃতি ও রবীন্দ্রচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
বরফাচ্ছন্ন ক্যালগেরির মনোরম পরিবেশে রকিরিজ সেইন হোমস ওয়াইএমসিএ বিএমও থিয়েটারে অনুষ্ঠিত হয় এ সঙ্গীত সন্ধ্যা। প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বৈচিত্র্যময়।
সন্ধ্যায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথের জনপ্রিয় গানগুলোর একগুচ্ছ পরিবেশনা, যার মধ্যে ছিল ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘আমার রাত পোহাল’, ‘হে নূতন দেখা দিক আরবার’, ‘মেঘের পরে মেঘ জমেছে’ ও ‘শুধু তোমার বাণী’সহ আরও অনেক গান। এসব পরিবেশনা দর্শকদের আবেগ ও নস্টালজিয়ায় ভরিয়ে তোলে।
অনুষ্ঠানে একক, দ্বৈত ও সম্মিলিত সংগীত পরিবেশনার পাশাপাশি নৃত্য ও কবিতা আবৃত্তিও ছিল বিশেষ আকর্ষণ। অংশ নেন রীতা কর্মকার, সুলতা সাহা, তীর্থ সাহা, শুভাশিস চক্রবর্তী, কেকা সেনগুপ্ত ও চন্দ্রিমা পোদ্দার ঐশীসহ আরও অনেকে। নৃত্য পরিবেশনায় সীমানা রায় ও রামিশা হক এবং কবিতা আবৃত্তিতে কিরিটী রায় ও মুশফিক সালেহীন অংশ নেন।
যন্ত্রসঙ্গীতে ছিলেন বাপ্পি দেবরয় (তবলা), জয় চৌধুরী (কিবোর্ড), প্রশান্ত মাইকেল জন (গিটার), পিটার ফেলস্টেইন (ভায়োলিন) ও মার্ক স্কোলজ (চেলো)। সাউন্ড ও লাইট ডিজাইনে অয়ন সরকার এবং গ্রাফিক ডিজাইন ও অ্যানিমেশনে কাজ করেন মুশফিক সালেহীন।
অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন খায়ের খোন্দকার রুবেল। আয়োজকদের মতে, এই আয়োজন প্রবাসে বাঙালি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে এবং মাতৃভাষা ও রবীন্দ্রচেতনার প্রতি ভালোবাসা বাড়িয়েছে।
ক্যালগেরি টেগোর সোসাইটির সভাপতি সাইফুল ইসলাম রিপন বলেন, প্রবাসে রবীন্দ্র জয়ন্তী উদযাপনে প্রবাসীদের উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃতভাবে করার পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক খায়ের খোন্দকার রুবেল বলেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করেছে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























