মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ও তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে বেশিরভাগ হামলাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।
তেহরানের অভিযোগ, এর আগে ইরানের কেশম দ্বীপ ও সিরিক অঞ্চলের উপকূলীয় রাডার ও নজরদারি স্থাপনায় মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই এ পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় ইরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে ছয়টি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বাহরাইন ও কুয়েত একে তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং বিপজ্জনক উসকানি হিসেবে আখ্যা দিয়েছে। বাহরাইন সরকার উপসাগরীয় অঞ্চলে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
হঠাৎ করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি নতুন করে বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
kalprakash.com/IH
রবিবার, ৭ জুন ২০২৬
কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা