জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় আয়োজিত আলোচনা সভায় বিগত ১৭ বছরে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তাঁর ভাষ্য, এই সময়ে ৭ নভেম্বরের তাৎপর্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে সিপাহি-জনতার বিপ্লবের সত্য ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ঐতিহাসিক ঘটনার বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণ করা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
৫ আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াও একটি বিপ্লব। ১৯৭৫ সালের বিপ্লব সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছিল, আর এবার তা হয়েছে ছাত্র-জনতার নেতৃত্বে। এই ইতিহাসও লিখে রাখা দরকার, তা না হলে ধীরে ধীরে বদলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটির প্রথম প্রহরে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান হুমাম কাদের চৌধুরী। এ সময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন, যা জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম ধারণ করেই সবাইকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।