কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রেজাউল করিম (ভিপি শাহীন)-এর জন্মদিন আজ ৬ নভেম্বর। ১৯৭৪ সালের এই দিনে কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন তিনি।
তাঁর জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
ভিপি শাহীনের বাবা মরহুম আলহাজ শফিকুল ইসলাম (ইঞ্জিনিয়ার) এবং মা আলহাজ আফিয়া বেগম (শিক্ষক)। তিনি ১৯৯০ সালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে দেবিদ্বার এসএ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৯০ সালে ছাত্রদলের সাধারণ সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে এজিএস নির্বাচিত হন। পরে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি এবং ২০১৬ সালে উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে দায়িত্ব পান কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০২৫ সালে ওই কমিটি বিলুপ্ত করা হয়।
রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় মামলা, গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন থেকে গ্রেপ্তারের পর খিলগাঁও থানার একটি মামলায় তিনি তিন মাস ১৬ দিন কারাগারে ছিলেন।
বর্তমানে আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ভিপি শাহীন। দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব শহরে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
জন্মদিন উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেছেন।