সংসারে অভাব, নিজের অসুস্থতা আর সন্তানের ভরণপোষণের অনিশ্চয়তা—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এক মা। সেই পরিস্থিতিতে ১৫ মাস বয়সী শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্য দম্পতির কাছে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বাগেরহাটের মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে। শিশুটিকে আপাতত মায়ের কাছেই রাখা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে সংশ্লিষ্ট দুই পক্ষকে উপস্থিত করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে শিশুটির মা আনিকা আক্তার এবং শিশুটিকে গ্রহণকারী দম্পতি ৩০ হাজার টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন। পরে ওই অর্থ ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর স্থানীয় নাছির শিকদারের স্ত্রী হালিমা বেগমের সহযোগিতায় শিশুটিকে মোংলার নুরজাহান বেগম ও তাঁর স্বামী শহিদুলের কাছে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে আনিকা আক্তার জানান, স্বামীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। নিজের অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে সন্তানের ভরণপোষণ চালানোও তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। এসব সংকটের মধ্যেই তিনি শিশুটিকে অন্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে শিশুটিকে গ্রহণকারী নুরজাহান বেগম এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
শিশুটির নানা পলাশ শেখও পরিবারের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, নিজেও অসুস্থ হওয়ায় পরিবারের আর্থিক দায়িত্ব সামলাতে পারছেন না। মেয়ের পাশাপাশি তাঁর দুই শিশুর দায়িত্ব পালন করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তবে জিজ্ঞাসাবাদের সময় শিশুটিকে নিজের কাছে রাখতে অনিচ্ছা প্রকাশ করেন তার মা। পরে ইউএনও শিশুটির আপাতত ভরণপোষণের ব্যবস্থা করে তাকে মায়ের জিম্মায় দেন।
ইউএনও মো. হাবিবুল্লাহ জানান, শিশুটির মা তাকে নিজের কাছে রাখতে আগ্রহী নন। এ কারণে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী সময়ে শিশুটির জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আপাতত তাঁদের ছেড়ে দেওয়া হলেও অর্থের বিনিময়ে শিশুটিকে হস্তান্তরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত ১২ নভেম্বর শিশুটিকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এখন শিশুটির যথাযথ পরিচর্যা, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।