জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং এলাকার মানুষের দোয়া ও আশীর্বাদ কামনার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম. সাদাকাত হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় তাঁর নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পাশাপাশি কয়েকটি বাজারে পথসভাও অনুষ্ঠিত হয়।
সাদাকাত হোসেন স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
পথসভায় তিনি মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে জনসম্পৃক্ত নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা।
শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।