বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য নির্মাণাধীন ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির যাত্রীবাহী জাহাজগুলোর বর্তমান অবস্থান, নবনির্মিত জাহাজসহ বিভিন্ন জলযান সার্ভিসে নিয়োজিত করার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীর সভাপতিত্বে সভায় বাণিজ্য, প্রকৌশল, মেরিন, ইঞ্জিনিয়ারিং ও প্রশাসন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আজমল হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব) মো. ফজলুল হক, মহাব্যবস্থাপক (মেরিন) বাপ্পী কুমার অধিকারী, মহাব্যবস্থাপক (বাণিজ্য, চলতি দায়িত্ব) মো. সফিকুল ইসলাম, চিফ অডিট অফিসার মো. রাশিদুর রহমান এবং চিফ পারচেজ ম্যানেজার মানসুরা আহমেদ। এ ছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন ৩৫টি জলযানের মধ্যে তিনটি ক্রুজ ভেসেল রয়েছে। এসব জাহাজ পরিচালনার জন্য সংস্থাটিতে প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল না থাকায় বিকল্প ব্যবস্থায় বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালনার প্রস্তাব করা হয়।
এ ছাড়া নির্মাণাধীন চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজের কাঠামোগত পরিবর্তন করে সারা বছর সমুদ্রে চলাচলের উপযোগী রোপ্যাক্স ফেরিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ, তিনটি ক্রুজ জাহাজ এবং আটটি সি-ট্রাকসহ মোট ১৮টি জলযান রয়েছে। নবনির্মিত আটটি সি-ট্রাকের মধ্যে ‘নিঝুম দ্বীপ’ নামের একটি সি-ট্রাক ইতোমধ্যে সংস্থাটির বহরে যুক্ত হয়ে যাত্রীসেবা দিচ্ছে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী নির্মাণাধীন জলযানগুলো নির্ধারিত সময়ে নৌবহরে যুক্ত করার লক্ষ্যে তদারকি বাড়ানো এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।