দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই সেবা চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে বৈদ্যুতিক ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আশা করছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে।
তিনি জানান, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তে চালকের কক্ষ থাকবে। ফলে চলাচলের দিক পরিবর্তনের জন্য ট্রেন ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে নিয়মিত ট্রেন চলাচল সহজ হবে।
পাইলট প্রকল্পের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনাকে দেশের আধুনিক রেল নেটওয়ার্ক বিস্তারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রেলওয়ে।
রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। এখানে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।
তিনি আরও জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ।
ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
রফিকুল ইসলাম জানান, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণও বড় চ্যালেঞ্জ।
তাঁর মতে, অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ।
বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ায় এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করছে রেলওয়ে। পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে। এ সেবা চালু হলে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসার পাশাপাশি রেলওয়ের পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)