ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে জনসাধারণকে অবহিত করা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে উৎসাহিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়।
র্যালিতে অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান, অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার ও অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত হতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অনুধাবন করতে হবে।
অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্টরা জানান, এ আয়োজনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব, স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।