নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় আলহাজ আব্দুর রসিদ শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বনপাড়া সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রসিদ শেখ ওই এলাকার মৃত রইজ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুর রসিদ শেখ। পরে নাটোর-পাবনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।