বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রাক্-চাকরি প্রশিক্ষণ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।
এ ছাড়া শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন, স্বাস্থ্যশিক্ষা, টেকসই উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন তিনি।
বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও এডটেক খাতে বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে সরকার কাজ করছে।
শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে সরকারের পক্ষ থেকে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে। এর মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন মাহ্দী আমিন।
বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।