পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ সামনে আসার পর পুরো প্রদেশে স্বর্ণখনিসহ সব ধরনের খনি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন গভর্নর ফয়সাল করিম কুন্দি।
গভর্নরের দাবি, প্রদেশের কোহাট জেলায় প্রতি মাসে বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হচ্ছে। এর বাজারমূল্য শত শত কোটি পাকিস্তানি রুপি। উত্তোলিত স্বর্ণের অর্থের বড় অংশ সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে যাচ্ছে। এমনকি অর্থের প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে পাচার হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত জিও নিউজ ও গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গভর্নর কুন্দির ভাষ্য অনুযায়ী, কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪২০ কোটি পাকিস্তানি রুপি। সম্প্রতি অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের খনি কার্যক্রম বন্ধ এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দেন গভর্নর ফয়সাল করিম কুন্দি। ইজারাগ্রহীতা ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনির এলাকা থেকে সব ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ খনন বন্ধ এবং প্রদেশের খনিজ সম্পদ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গভর্নরের অভিযোগ, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কার্যক্রম চালিয়ে যাওয়ার বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতেন। পরে ওই অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহৃত হয়েছে বলে দাবি করেন তিনি। কুন্দি জানান, অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক নিয়োজিত ছিলেন। বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন হলেও খনি ইজারা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে প্রশ্ন তুলেছেন তিনি।
কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হন। পরে সংঘর্ষে ১৮ হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গভর্নর কুন্দির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিদের যোগসাজশ রয়েছে।
কোহাটের সংঘর্ষে ১২ জন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন গভর্নর। তাঁদের মধ্যে সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশানের নাম উল্লেখ করেছেন তিনি। তবে এসব ব্যক্তির বিরুদ্ধে এখনো পুলিশ মামলা করেনি বলে জানিয়েছেন কুন্দি। তাঁদের সম্পৃক্ততার অভিযোগও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।
অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের সংঘর্ষের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর। এ ছাড়া নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন তিনি। কুন্দি জানিয়েছেন, অবৈধ খননকার্যে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রদেশের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে অবৈধ স্বর্ণ উত্তোলনের অর্থ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছেছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
সূত্র: জিও নিউজ ও গালফ নিউজ।