সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।