যশোরের শার্শা উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশসহ তানজিলা বেগম (৩০) এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামের লাউতাড়া-গয়ড়া সড়কের ব্রিজের ওপর থেকে তানজিলাকে আটক করা হয়।
আটক তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।
শার্শা থানা পুলিশ জানায়, এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল লাউতাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তানজিলা বেগমকে আটক করে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।
অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে হাসানকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান শার্শা থানার গোড়পাড়া (পালবাড়ী) গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শাড়াতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী পাকা সড়কের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর সন্দেহভাজন অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।