বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে ১৫ মাস বয়সী এক শিশুকে অন্যের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে চলে আসেন ওই তরুণী।
অভিযোগ অনুযায়ী, গত ১১ নভেম্বর বিকেলে নাছির শিকদারের স্ত্রী এবং শিশুটির নানা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শিশুটির মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার সন্তানের খাবার ও চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই। এ কারণে ৩০ হাজার টাকায় শিশুটিকে দিয়ে দিয়েছি।”
তবে শিশুটিকে কী পরিস্থিতিতে অন্যের কাছে দেওয়া হয়েছে, অর্থের বিনিময়ে হস্তান্তরের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে শিশুটির বর্তমান অবস্থান শনাক্ত, তার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, “এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাঁদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটির সুরক্ষা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।