পতিত ফ্যাসিবাদী শক্তিকে দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমাবাজি, সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। কোনোভাবেই তাদের এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেওয়া হবে না।
বর্তমান সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সরকার কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে এসেছে। সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশ পরিচালিত হচ্ছে।
এ সময় সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। তিনি অপসাংবাদিকতার বিরুদ্ধে আরও সোচ্চার হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।