নরসিংদীর মনোহরদীতে মাদক-সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার তিন যুবককে চার মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত তিনজনের বাড়ি উপজেলার রুদ্রদী গ্রামে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মনোহরদী থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুদ্রদী গ্রামের নজরুল (৩২), অনিক (১৯) ও খায়রুল (২০)।
মনোহরদী থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে চার মাসের সশ্রম কারাদণ্ড দেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাদক নির্মূলে মনোহরদী থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ‘যেখানে মাদক, সেখানেই পুলিশের হানা’—এমন অবস্থান নিয়েই পুলিশ কাজ করছে।