বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার তারেক হোসেনকে বুধবার (১১ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা এসআরবির মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি তারেক হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, খুলনা এসআরবির ডিএডি ও নায়েব সুবেদার মুনসুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।