জয়পুরহাটের আক্কেলপুরে মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের মজুত করা মেয়াদোত্তীর্ণ আলু বীজ জব্দ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিরা বাজার ও দিওল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানকালে কাশিরা বাজারের রাপসা ভেটেরিনারি স্টোরে মেয়াদোত্তীর্ণ ব্র্যাকের আলু বীজ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দিওল বাজারের মামুন ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ব্র্যাকের আলু বীজ ও কীটনাশক মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির মজুত করা মেয়াদোত্তীর্ণ আলু বীজ জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সরেজমিনে দুই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি এবং মজুত রাখার প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রি না করার বিষয়ে মামুন ট্রেডার্সের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।