ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে পাবনার আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বারুইপাড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে আসেন জাহাঙ্গীর হোসেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তথ্য সামনে আসে। পরে তাঁকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ২০২৬ সালের ১৭ আগস্ট তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।