বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুধলমৌ গ্রামের খান বাড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ ইমরান খান, পিতা- মৃত মতিউর রহমান খান জানান, আজ ১৩ নভেম্বর ২০২৬, সকাল আনুমানিক ৭টার দিকে তার পাশের বাড়ির লোকজন পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় এবং ঘরের মালামাল লুটপাট করে।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে তার মা ও স্ত্রীর গায়ে হাত তোলে হামলাকারীরা।
অভিযুক্তরা হলেন- একই এলাকার শুভ খান, মোঃ মোতালেব খান, মোঃ রাসেল খান, মোঃ মজিবুর খান, কাওসার খান ও রফিক হাওলাদার। এদের সাথে আরও অজ্ঞাতনামা পুরুষ ও মহিলা জড়িত ছিল বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনার বিষয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ থানার সাথে যোগাযোগ করা হলে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।