বিএনপি নেতা আল-আমিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাছের ঘের দখল, লুটপাট ও নির্যাতনের অভিযোগে বাগেরহাটের রামপালে বিক্ষোভ করেছেন স্থানীয় সহস্রাধিক মানুষ।
ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগের দাবিতে শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তাঁর অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, ঘের দখল, মাছ লুট, মারধরসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব ঘটনার কারণে অনেক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখলে নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। এমনকি স্থানীয় হিন্দু নারীরাও তাঁর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।
সমাবেশ থেকে আল-আমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
এ সময় স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
সমাবেশে উপস্থিত স্থানীয় বিএনপির কয়েকজন নেতাও আল-আমিনের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর কর্মকাণ্ডের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলেও দাবি করেন তাঁরা।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, আল-আমিনের একটি অনুসারী বাহিনী এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ছাড়া এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার ও সাইফুল শেখের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন ভুক্তভোগীরা। তাঁদের ভাষ্য, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতেই আল-আমিন সাংবাদিকদের কাছে পাল্টা অভিযোগ করেছেন।
বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আল-আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।