চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী মোবাইল কোর্টের মাধ্যমে ভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা। এ ছাড়া রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।