পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় যুব সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। এতে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (পিপিএম), গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা কলি, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসেন এবং গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নয়জন শিক্ষার্থী বক্তা হিসেবে নিজেদের শিক্ষাজীবন, উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানো, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং লক্ষ্যনির্ভরভাবে নিজেদের প্রস্তুত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং গুজব ও অপপ্রচারের নেতিবাচক প্রভাব তুলে ধরে এসব সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গঠনে তরুণ সমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে নানা সীমাবদ্ধতা অতিক্রম করে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী হতে অনুপ্রাণিত করে।
সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এ সেমিনারের আয়োজন করা হয়।