বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কের পাশে দুই বছরের এক শিশুকে রেখে তাঁর মা চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসে উপজেলা প্রশাসন।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের জেলেপাড়া এলাকায় একটি ইটভাটার পাশে শিশুটিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শিশুটির কান্নার শব্দ শুনে তাঁরা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে শিশুটিকে তার দাদির কাছে নেওয়া হলেও তিনি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান।
এরপর স্থানীয়রা শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে নিয়ে যান। ইউএনও শিশুটিকে সাময়িকভাবে প্রশাসনের তত্ত্বাবধানে নিয়ে প্রয়োজনীয় খাবার, পোশাক ও নিরাপত্তার ব্যবস্থা করেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মো. পলাশ এবং মা মিতু আক্তারের প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই শিশুটির দায়িত্ব নিয়ে পারিবারিকভাবে অনিশ্চয়তা তৈরি হয়।
ইউএনও শিশুটির বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমানে তিনি কর্মস্থলের বাইরে অবস্থান করছেন এবং আগামী সোমবার মোরেলগঞ্জে এসে সন্তানের দায়িত্ব গ্রহণ করবেন।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িকভাবে শিশুটিকে তার ফুফু রেসমা খাতুনের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে শিশুটির তিন দিনের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও প্রদান করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী সোমবার শুনানির মাধ্যমে শিশুটির আইনগত অভিভাবকত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে শিশুটিকে এভাবে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
kalprakash.com/IM