মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:২২:২৩

রাশিয়ার ক্যানসার টিকা ‘নিওনকোভ্যাক’ মানবদেহে প্রথম পরীক্ষায় কার্যকর প্রমাণিত

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:৪৬
শেয়ার: mail
রাশিয়ার ক্যানসার টিকা ‘নিওনকোভ্যাক’ মানবদেহে প্রথম পরীক্ষায় কার্যকর প্রমাণিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাশিয়ায় উদ্ভাবিত ত্বকের ক্যানসারের টিকা ‘নিওনকোভ্যাক’ মানবদেহে প্রয়োগের প্রাথমিক পরীক্ষায় অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। টিকাটি গ্রহণের পর প্রথম রোগী সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর শরীরে ক্যানসার প্রতিরোধে প্রয়োজনীয় ইমিউন রেসপন্স বা রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা।

রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, গত এপ্রিল মাসে হারজেন মস্কো অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ের মেলানোমা ও মেটাস্টেসিসে আক্রান্ত ৬০ বছর বয়সি এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এমআরএনএ (mRNA) ভিত্তিক এই ‘নিওনকোভ্যাক’ টিকা প্রয়োগ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রুশ সংবাদ সংস্থা ‘রিয়া নভোস্তি’কে দেওয়া সাক্ষাৎকারে গিনজবার্গ বলেন, “রোগী বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক আছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, তাঁর শরীর টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াইয়ের সক্রিয় উপাদান তৈরি করছে।” ওই রোগীকে আরও দু’টি ডোজ দেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া আগামী ২-৩ মাসের মধ্যে আরও ১০ জন মেলানোমা রোগীর শরীরে প্রয়োগের জন্য এই ব্যক্তিকেন্দ্রিক (Personalized) টিকা প্রস্তুত করা হচ্ছে।

ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্ড্রে কাপরিন জানান, এই চিকিৎসাপদ্ধতিটি প্রথাগত থেরাপির চেয়ে একদম ভিন্ন। এখানে রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর জেনেটিক বিশ্লেষণ করে কাস্টমাইজড ভ্যাকসিন তৈরি করা হয়, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্ষতিকারক ক্যানসার কোষ চিনে ধ্বংস করার প্রশিক্ষণ দেয়।

উল্লেখ্য, গত বছর রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় মেলানোমার জন্য ‘নিওনকোভ্যাক’ এবং কোলরেক্টাল ক্যানসারের চিকিৎসায় ‘অনকোপেপ্টি’ নামক পেপটাইড ওষুধের অনুমোদন দেয়। কর্মকর্তারা জানিয়েছেন, ‘অনকোপেপ্টি’ প্রয়োগেও রোগীদের শরীরে ইতিবাচক প্রতিরোধ ক্ষমতা দেখা গেছে। বর্তমানে গ্যামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি এবং ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় নতুন গবেষণা অব্যাহত রেখেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward