সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত মানসিক উদ্বেগ—এমন নানা সংবেদনশীল বিষয় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কথা বলেন অনেকে। এসব কথোপকথনে উঠে আসে ব্যবহারকারীর জীবনের গোপন অনেক তথ্য। কিন্তু যেসব প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য জমা থাকে, সেগুলো বন্ধ হয়ে গেলে কী হবে? প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়ার আশঙ্কাও রয়েছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তথ্যের গোপনীয়তা নিয়ে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের দেউলিয়া হওয়ার ঘটনা এ ঝুঁকিকে সামনে এনেছে। প্রতিষ্ঠানটির চ্যাটবটের সঙ্গে কয়েক কোটি মানুষ যোগাযোগ তৈরি করেছিলেন। তাঁদের মধ্যে শিশুরাও রয়েছে। অনেক ব্যবহারকারী চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে কিনতে সম্মত হয়েছে ডিজনি। তবে এ চুক্তির আওতায় ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নেই। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের তথ্য অন্য কোনো ক্রেতার কাছে বিক্রি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এআই চ্যাটবটের সঙ্গে মানুষের কথোপকথন সাধারণ অনলাইন সেবার তুলনায় অনেক বেশি ব্যক্তিগত হতে পারে। যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের (ইপিক) এআই ও মানবাধিকারবিষয়ক কর্মসূচির পরিচালক ক্যালি শ্রোডার বলেন, ব্যক্তিত্বসম্পন্ন চ্যাটবটের সঙ্গে কথা বলার সময় মানুষ অনেক বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশ করে।
এ ঝুঁকি শুধু চ্যাটবট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। কথোপকথনের সময় অনেকে বন্ধু, পরিবারের সদস্য কিংবা পরিচিত ব্যক্তিদের সম্পর্কেও নানা তথ্য জানান। ফলে যারা কখনো সংশ্লিষ্ট এআই সেবা ব্যবহার করেননি, তাঁদের ব্যক্তিগত তথ্যও অন্যের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে অনেক প্রতিষ্ঠান শেষ পর্যন্ত লাভের মুখ দেখতে ব্যর্থ হতে পারে। ফলে এ খাতে বড় ধরনের মন্দা দেখা দিলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কিংবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে পারে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর কাছে সংরক্ষিত বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিক্রির জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্যারেক্টার ডট এআইয়ের তথ্য বিক্রির ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন আদালতে। তবে দেশটিতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইনি সীমাবদ্ধতার কারণে এ ধরনের উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ক্যারেক্টার ডট এআইয়ের গোপনীয়তা নীতিমালায় বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য নতুন সুবিধা তৈরি, এআই মডেল প্রশিক্ষণ, অ্যালগরিদম উন্নয়ন এবং বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রতিষ্ঠানটির তথ্য কিনে নেওয়া নতুন মালিকও একই উদ্দেশ্যে এসব তথ্য ব্যবহার করতে পারে।
এর আগে প্রতিষ্ঠানটির চ্যাটবটের বিরুদ্ধে কিশোরদের ক্ষতিকর পরামর্শ দেওয়ার অভিযোগে একাধিক মামলা হয়। একটি মামলায় অভিযোগ করা হয়েছিল, স্ক্রিন টাইম নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে তার মা-বাবাকে হত্যায় উৎসাহিত করেছিল চ্যাটবট। অন্য একটি ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পেছনে চ্যাটবটের ভূমিকা থাকার অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি এসব মামলা নিষ্পত্তি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কিশোরদের নিরাপত্তা নিশ্চিতে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।
বিশেষজ্ঞদের পরামর্শ, এআই সেবায় ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়া উচিত। কোনো সেবা ব্যবহার বন্ধ করলে সম্ভব হলে সেখান থেকে নিজের সংরক্ষিত তথ্য মুছে ফেলতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তার কাছে থাকা তথ্য কোথায় যাবে কিংবা কীভাবে ব্যবহার করা হবে, তার ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নাও থাকতে পারে।
kalprakash.com/sd