একটি স্থানীয় সংবাদপত্রের পথচলার ১২ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আয়োজন করা হয়েছে সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। এ আয়োজনে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় সংবাদপত্র ‘চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাহিত্যপ্রেমী, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ সাহিত্য সাময়িকীটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।
একরামুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও দুদকের চিতলমারী উপজেলা সভাপতি কামরুজ্জামান খান পিকলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স হালদারসহ স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্রের দায়িত্ব কেবল দৈনন্দিন ঘটনা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক বাস্তবতা, সাহিত্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং মানুষের প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রেও সংবাদপত্রের ভূমিকা রয়েছে।
তাঁদের মতে, ‘চিতলমারীর অন্তরালে’ দীর্ঘ এক যুগ ধরে স্থানীয় মানুষের কথা তুলে ধরার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। বিশেষ সাহিত্য সাময়িকী প্রকাশের উদ্যোগ স্থানীয় লেখক, কবি ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল চর্চায় উৎসাহিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার জনস্বার্থে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রধান বক্তা ও অন্যান্য অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে পত্রিকাটি তার কার্যক্রম এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।