কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়নের গতি পরিমাপ ও নিয়ন্ত্রণে নতুন একটি মাপকাঠি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি। তাঁর প্রস্তাব অনুযায়ী, ‘পারপ্লেক্সিটি’ নামের একটি পরিমাপের মাধ্যমে এআই মডেলের অগ্রগতি মূল্যায়ন করা যেতে পারে। একই সঙ্গে এ মাপকাঠির ভিত্তিতে এআই কোম্পানিগুলো উন্নয়নের একটি অভিন্ন সীমাও নির্ধারণ করতে পারবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাবেক এক গবেষক প্রতিষ্ঠান দুটির মধ্যে এআই উন্নয়নের প্রতিযোগিতাকে মানুষের জীবন নিয়ে জুয়া খেলার সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে, অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তির নথিতেও এ প্রযুক্তির কারণে সমাজে বড় ধরনের বিপর্যয় কিংবা অস্তিত্বসংকট তৈরির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা প্রকাশ করেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। তাঁর প্রস্তাবে এআই কোম্পানিগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরি এবং নিয়ন্ত্রণহীন উন্নয়নের গতি সীমিত করার বিষয়ে সমঝোতার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও এ পরিকল্পনাকে সমর্থন করেছেন।
তবে এআইয়ের উন্নয়নের গতি সীমিত করতে হলে প্রথমেই তা পরিমাপের একটি অভিন্ন পদ্ধতি নির্ধারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে পারপ্লেক্সিটি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন জ্যাকব পাখোচকি। সম্প্রতি নিজের ব্লগ পোস্টে তিনি এ ধারণা তুলে ধরেন। উল্লেখ্য, এ পারপ্লেক্সিটির সঙ্গে একই নামের এআই সার্চ কোম্পানির কোনো সম্পর্ক নেই।
পারপ্লেক্সিটি মূলত একটি ভাষাভিত্তিক এআই মডেল পরবর্তী শব্দ বা টোকেন কতটা নির্ভুলভাবে অনুমান করতে পারে, তার পরিমাপক। এ মান যত কম হয়, মডেলটির পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো বলে বিবেচিত হয়।
পাখোচকির মতে, এআইয়ের সক্ষমতা যাচাইয়ে প্রচলিত পরীক্ষাগুলো দ্রুত পুরোনো হয়ে যাচ্ছে। কারণ, নতুন মডেলগুলো ক্রমেই বেশি দক্ষ হয়ে উঠছে। তবে মডেলের অগ্রগতি মূল্যায়নে পারপ্লেক্সিটি এখনো কার্যকর একটি মাপকাঠি হতে পারে।
তিনি জানান, জিপিটি-৪ মডেলের পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯১। এ পর্যায়ে মডেলটি ধাপে ধাপে যুক্তি প্রয়োগ করে জটিল সমস্যা সমাধানের দক্ষতা দেখাতে শুরু করে। পরবর্তী সময়ে এ ধরনের সক্ষমতার ওপর ভিত্তি করেই আধুনিক রিজনিং মডেলের বিকাশ ঘটে। পারপ্লেক্সিটি ০.৮-এর নিচে নেমে আসার পর সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রেও আরও উন্নত সক্ষমতা দেখা যাচ্ছে।
পাখোচকির প্রস্তাব অনুযায়ী, এআইয়ের সাধারণ বুদ্ধিমত্তা ও সক্ষমতার অগ্রগতি মূল্যায়নে পারপ্লেক্সিটিকে একটি অভিন্ন মানদণ্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ মাপকাঠির ভিত্তিতে কোম্পানিগুলো উন্নয়নের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারবে। পাশাপাশি এআইয়ের আচরণ বোঝা ও তা পর্যবেক্ষণের সক্ষমতা নির্দিষ্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত ওই সীমা অতিক্রম না করার বিষয়ে প্রতিষ্ঠানগুলো সম্মত হতে পারে।
এদিকে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জ্যাকব পাখোচকির ব্লগ পোস্টটিকে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাগুলোর একটি বলে মন্তব্য করেছেন।
kalprakash.com/sd