ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সম্প্রতি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে হাইকমিশনারের সঙ্গে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন ও অ্যানা পিটারসন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, মারজিয়া আক্তার, মারদিয়া মমতাজ এবং আলী আহমাদ মাবরুর।
বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করা, সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না—এ বিষয়ে দুই পক্ষই মত দেন।
এছাড়া ঘোষিত বাজেট ও বিরোধী দলের ‘ছায়া বাজেট’ প্রস্তাব, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, দেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাংলাদেশের সংসদে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন বলেও জানা যায়।
এছাড়া দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।
অনলাইন ডেস্ক 




















