দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ Mount Everest জয় করে অষ্টম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।
বুধবার (২৭ মে) নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন–এর ঐতিহাসিক সাফল্যের পর দীর্ঘ ১৪ বছর কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন নিম্নি। এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র আরোহীও ছিলেন তিনি।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন নিম্নি। প্রতিকূল আবহাওয়া ও কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে ২৫ মে শুরু করেন চূড়ান্ত সামিট পুশ। ক্যাম্প-৪ থেকে টানা আরোহণ শেষে আজ ভোরে পৌঁছে যান পৃথিবীর সর্বোচ্চ শিখরে।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ভূতত্ত্ব বিভাগে। পাহাড়ের প্রতি গভীর ভালোবাসাই তাকে নিয়ে গেছে এই অনন্য উচ্চতায়।
নুরুন্নাহার নিম্নির এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যও এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 
























