শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে সাময়িক জামিনে মুক্তি পাওয়া শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নার্গিস মোহাম্মদির পরিবার পরিচালিত ফাউন্ডেশন জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পারস হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
পরিবার ও সমর্থকদের দাবি, চলতি বছরের শুরুতে কারাগারে থাকাকালে তিনি দু’বার হৃদ্রোগে আক্রান্ত হন। পর্যাপ্ত চিকিৎসা না পেলে তাঁর জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
ফ্রান্সের প্যারিসে অবস্থানরত নার্গিসের স্বামী এক বিবৃতিতে জানান, তাঁর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং পরিস্থিতি অনুকূল নয়।
আইনজীবী চিরিনে আরদাকানি বলেন, কারাবাসের সময় নার্গিস প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে কথা বলতেও কষ্ট হচ্ছে এবং তাঁকে চেনা কঠিন হয়ে পড়েছে।
৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি গত ১২ ডিসেম্বর ইরানের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নেওয়ার সময় গ্রেপ্তার হন। পরে ফেব্রুয়ারিতে তাঁকে ‘অপরাধমূলক উদ্দেশ্যে সমবেত হওয়া’ ও ‘যোগসাজশ’ অভিযোগে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে তিনি ‘রাষ্ট্রবিরোধী প্রচার’ ও ‘জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড’-এর অভিযোগে দীর্ঘদিন কারাভোগ করেন। অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তাঁকে সাময়িকভাবে তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল।
ইরানে মানবাধিকার ও নারীর অধিকার আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























