‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। চারদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১০ মে) সকাল ৯টার পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক প্যারেড অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল ও সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করতে দেখা যায় তাকে।
এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। আগামী ১৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি।
সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 

























