জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে অভিষেকেই ইতিহাস গড়েছেন আমেরিকান উইঙ্গার ম্যাথিস আলবার্ট। মাত্র ১৬ বছর বয়সে বুন্দেসলিগায় খেলা সর্বকনিষ্ঠ আমেরিকান ফুটবলার হিসেবে রেকর্ড গড়েন তিনি।
ফ্রাইবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের ৪-০ গোলের জয়ের ম্যাচে ৮৮তম মিনিটে মাঠে নামেন আলবার্ট। এতে তিনি ছাড়িয়ে যান ক্রিশ্চিয়ান পুলিসিক ও জিও রেইনার মতো খেলোয়াড়দের, যারা ১৭ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক করেছিলেন।
সিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছর ৩৪০ দিন বয়সে অভিষেকের মাধ্যমে আলবার্ট এখন বুন্দেসলিগায় খেলা সর্বকনিষ্ঠ আমেরিকান খেলোয়াড়।
২০২৫ সালের জুলাইয়ে তিনি ডর্টমুন্ডের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। সাউথ ক্যারোলিনার গ্রিনভিলের এই তরুণ খেলোয়াড় বাবা-মায়ের সূত্রে ফরাসি ও জার্মান নাগরিকত্বও পেয়েছেন।
লেফট উইংয়ে খেলা আলবার্ট তার ড্রিবলিং দক্ষতা দিয়ে ইতিমধ্যেই ক্লাবের যুব দলে নজর কেড়েছেন। বয়স কম হওয়ায় ভবিষ্যতে তিনি কোন পজিশনে স্থায়ী হবেন, তা নিয়ে এখনো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 






















