প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ, পাইপলাইনে ডিজেল আমদানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করা বর্তমান সরকারের লক্ষ্য। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। উপদেষ্টা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান সম্ভব।
বৈঠকে বিশেষভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষ দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার এবং জনগণ কেন্দ্রিক সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা গুরুত্ব পায়। হাইকমিশনার একটি ইতিবাচক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে কাজ করার ভারতের অভিপ্রায় প্রকাশ করেছেন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 























