নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের দায়িত্বে পরিণত হয়েছে এবং এ লক্ষ্য পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে।
তারেক রহমান বলেন, আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন তা বাস্তবায়নের সময় এসেছে। এটি আর শুধু দলের ইশতেহার নয়, এটি এখন দেশের জনগণের ইশতেহার।
তিনি আরও বলেন, নির্বাচনে দেশের প্রায় ৫২ শতাংশ মানুষ আমাদের ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। তাই এই রায়কে সম্মান জানিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা সুশাসন, নিরাপদ সমাজ, শিক্ষার উন্নয়ন এবং নারী-পুরুষ সবার জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন সেই লক্ষ্য পূরণে কাজ করতে হবে।
তিনি অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের সময় আমরা যে গণতান্ত্রিক পরিবেশের কথা বলেছিলাম, এখন তা বাস্তবায়নের সুযোগ এসেছে—যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।
তারেক রহমান আরও বলেন, সরকার সফল হতে হলে বিএনপির সহযোগিতা প্রয়োজন। অনেক ক্ষেত্রেই সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়।
মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, এটি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
নিজস্ব প্রতিবেদক 

























