বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ঢাকার ধামরাই ও ধানমণ্ডিতে পৃথকভাবে দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য টিকাদান’ প্রতিপাদ্যে আয়োজিত এসব কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা।
ধামরাইয়ের ‘শৈলান প্রবীণ নিবাস’-এ আয়োজিত এক সভায় প্রধান বক্তা ছিলেন ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। তিনি বলেন, সুস্থ ভবিষ্যৎ গঠনে ইমিউনাইজেশন বা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ৫০ বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করা হয়। সাইনোভিয়া ফার্মা পিএলসি-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫২ জন প্রবীণ ব্যক্তি টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে শৈলান নিবাসের চেয়ারম্যান দিলরুবা কবির ও ডা. ফায়জুল কবির খান উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীর ধানমণ্ডিতে লিটল হেভেন ডে-কেয়ার ও সালিম উইজডম স্কুলে আরেকটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।
ধানমণ্ডির অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডা. সাবরিনা শাহনাজ রশিদ। তিনি শিশুদের টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং টিকা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার ওপর গুরুত্ব দেন।
সাইনোভিয়া ফার্মার সহযোগিতায় আয়োজিত উভয় অনুষ্ঠানে বক্তারা টিকাদানকে জনস্বাস্থ্যের অন্যতম কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মতামত জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত টিকা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।