কাঁধের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে পড়া বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
চলমান পাকিস্তান সুপার লিগ-এ গত ৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে ডান কাঁধে আঘাত পান পারভেজ হোসেন ইমন। পরে মাঠ ছাড়তে হয় তাকে।
পরবর্তীতে এমআরআই স্ক্যানে জানা যায়, তার কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসকেরা কয়েক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
এবারের আসর দিয়ে পিএসএলে অভিষেক হয়েছিল ইমনের। প্রথম দুই ম্যাচে তিনি রান না পেলেও তৃতীয় ম্যাচে চোটের আগে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
তার পরিবর্তে দলে নেওয়া চারিথ আসালাঙ্কা এবারই প্রথমবার পিএসএলে খেলতে যাচ্ছেন। এর আগে তিনি বিদেশি লিগ হিসেবে শুধু আরব আমিরাতের আইএলটি২০ লিগে অংশ নিয়েছেন।
লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। পাঁচ ম্যাচে দুই জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার ছয় নম্বরে রয়েছে দলটি।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























