বাগেরহাটের মোংলা পৌর শহরের প্রধান বাজারে একটি মুদি দোকানের গুদামে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল বা প্রায় ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার দুপুরে ‘মেসার্স শোভা স্টোর’-এর গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ এ অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা অংশ নেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গুদামটিতে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছিল। এসব তেল চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে স্থানীয় বাজারে সরবরাহের অভিযোগ রয়েছে। এছাড়া জব্দ করা তেলে ক্ষতিকর ভেজাল মেশানো হতো কি না—সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সবুর তালুকদার ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে সরে পড়েন বলে জানা গেছে। তবে এই তেলের উৎস কী, কারা এর সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো বড় চোরাচালান চক্র বা সিন্ডিকেট রয়েছে কি না—তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৮ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়েছিল। এরপরও বারবার একই ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। তারা নিয়মিত বাজার তদারকি জোরদার করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ মজুতের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।
kalprakash.com/IM