একটি নয়, একসঙ্গে ২২টি স্মার্টফোনের মাধ্যমে চলছিল অনলাইন বেটিংয়ের রমরমা কারবার। এসব ফোনে বিভিন্ন ব্যক্তির নামে খোলা বেটিং অ্যাকাউন্টের পাশাপাশি বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফ এম শহিদুল ইসলাম টিটু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বাগেরহাট সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহিদুল ইসলাম টিটুকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ২২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও বিভিন্ন ব্যাংকের ৪টি ডেবিট কার্ড জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ডিভাইসগুলো প্রাথমিক পর্যালোচনা করে ‘ওয়ান-এক্স-বেট’ (1xBet) ও ‘মেলবেট’ (MelBet)-সহ বিভিন্ন নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপের সক্রিয় ব্যবহার শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকটি ফোনে ভিন্ন ভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও তথ্যে খোলা অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের নানা ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জব্দ করা ডিভাইসগুলোতে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং হিসাব ছাড়াও সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের লেনদেন-সংক্রান্ত বার্তার প্রমাণ মিলেছে।
গ্রেপ্তার শহিদুল ইসলাম টিটু বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের ফকির সদর আলীর ছেলে।
বাগেরহাট সদর থানা পুলিশ জানায়, অনলাইন জুয়া পরিচালনা এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৭, ২০, ২৪, ২৫ ও ২৭ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
kalprakash.com/IM