ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ রাইটব্যাক ওয়েসলি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।
মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেই দুর্ভাগ্যের শিকার হন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে। ফলে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যায় ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে ওয়েসলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। একইসঙ্গে জানানো হয়, তার পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এদেরসন।
২৬ বছর বয়সী এদেরসন ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে নিয়মিত খেলছেন। ইউরোপীয় ফুটবলে নিজের পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি। সম্প্রতি তাকে ঘিরে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এদেরসন। ব্রাজিলের জার্সিতে তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২৫ সালের মার্চ মাসে।
এদিকে ওয়েসলির ইনজুরিতে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। তার অনুপস্থিতি অবশ্যই দল অনুভব করবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও মানসম্পন্ন পারফরম্যান্স দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ইতালিয়ান কোচ।
বিশ্বকাপ মিশনে ব্রাজিল মাঠে নামবে ১৩ জুন। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। গ্রুপ পর্বে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 




















