অনার্স পর্যায়ের বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু জানান, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ছড়ানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তবে অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয় বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি।
নূরুল আফসার দীপু আরও বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে সবাইকে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্রম সংস্কার ও কিছু নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা থাকলেও সেখানে বাংলা, ইতিহাস বা দর্শন বাতিলের কোনো প্রস্তাব নেই।
শিক্ষা ডেস্ক 




















