কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমায় একটি উন্নত প্রযুক্তির ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (IRNA)-কে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য নিশ্চিত করেছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানায়, সোমবার সকালে হরমুজ প্রণালীর আকাশসীমায় ড্রোনটির গতিবিধি শনাক্ত করা হয়। পরে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণাধীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি উন্নত মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আকাশেই ধ্বংস করা হয়। তবে ড্রোনটি সুনির্দিষ্টভাবে কোন দেশের ছিল, সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এর আগে গত ১০ সেপ্টেম্বরও আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালীর প্রবেশমুখে একটি শত্রুভাবাপন্ন ড্রোনে হামলা চালানোর দাবি করেছিল। ওই বিবৃতিতে বলা হয়, কৌশলগত এই জলপথের প্রবেশমুখে ৫৮৩৮ নম্বর হালযুক্ত এবং ‘সেইল-ড্রোন’ ঘরানার একটি মনুষ্যবিহীন আকাশযান লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছিল।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য নৌপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এ অঞ্চলে ড্রোন ভূপাতিত বা সামরিক পদক্ষেপের যেকোনো ঘটনা আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজারে তাৎক্ষণিক উদ্বেগের সৃষ্টি করে।
kalprakash.com/IM