প্রথম দেখায় চিনে ওঠা কঠিন। রুক্ষ ও এলোমেলো চুল, মলিন চেহারায় ক্লান্তির ছাপ, পরনে পুরোনো সাদামাটা শাড়ি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে বোঝা যায়, তিনি আর কেউ নন—জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
টেলিভিশন নাটকে দীর্ঘ ক্যারিয়ারে গল্পের প্রয়োজনে নানা চরিত্রে হাজির হয়েছেন সুদর্শনা এই অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন ও ব্যতিক্রমী এক লুকে ধরা দিয়েছেন তিনি। জানা গেছে, এটি তার নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর চরিত্রের দৃশ্য।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দীপা নিজেই এই বিশেষ লুকের ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে তিনি জানান, সিরিজটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১টায় নিয়মিত প্রচারিত হবে।
এদিকে প্রিয় অভিনেত্রীকে এমন ব্যতিক্রমী রূপে দেখে তার অনুসারী ও দর্শকরা বেশ চমকে গেছেন। অনেকেই নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে সোমবার দুপুরে সিরিজটির প্রথম পর্ব উন্মুক্ত করা হয়েছে এবং প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
নিজের মূল গল্প ও চিত্রনাট্যে মিনি সিরিজ ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপা খন্দকারের সঙ্গে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজুসহ অনেকে।
kalprakash.com/IM