অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সব ধরনের মার্কিন সহযোগিতা অবিলম্বে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব।
গাজার একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে (কিন্ডারগার্টেন) ইসরায়েলি বাহিনীর হামলার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মিশিগান থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিদা তালিব বলেন, গাজায় গণহত্যা এখনও অব্যাহত রয়েছে। কোনো যুদ্ধবিরতিই সেখানে বাস্তবে কখনো কার্যকর হয়নি।
ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের শিকার শিশুরা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুরা যুক্তরাষ্ট্রে তৈরি বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে। আর যারা অলৌকিকভাবে বেঁচে যাচ্ছে, তাদের অনেককেই আজীবন গভীর মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষত বয়ে বেড়াতে হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তালিব আরও বলেন, গাজায় চলমান ভয়াবহ জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা ও সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে।
বক্তব্যের সমর্থনে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেন রাশিদা তালিব। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিডিওতে গাজার একটি কিন্ডারগার্টেনে ইসরায়েলি বাহিনীর অভিযানের দৃশ্য দেখা যায়। হামলার সময় প্রচণ্ড গোলাগুলির মধ্যে প্রায় ২০০ শিশু ওই ভবনের ভেতরে আটকা পড়েছিল।
উল্লেখ্য, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা রাশিদা তালিব দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং তেল আবিবকে দেওয়া যুক্তরাষ্ট্রের অন্ধ সামরিক সহায়তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
kalprakash.com/IM