ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ ‘টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হয়েছে’—এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার কয়েক ঘণ্টার মাথায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিওটি পোস্ট করেন তিনি।
ভিডিওটিতে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা গেলেও ট্রাম্পের এই পোস্টটি খার্গ দ্বীপে হামলার সরাসরি হুমকি নাকি নিছক প্রচার—তা স্পষ্ট নয়। পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টা পরও দ্বীপটিতে কোনো ধরনের বাস্তব হামলার প্রমাণ মেলেনি।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘খার্গ দ্বীপ টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে! প্রেসিডেন্ট ডিজেটি (ডোনাল্ড জে. ট্রাম্প)।’ তবে এ বিষয়ে সামরিক কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটির বিস্ফোরণের দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটি বিশ্লেষণ করে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে।
ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই খার্গ দ্বীপের টার্মিনালগুলোর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ফলে দ্বীপটিতে কোনো আঘাত এলে তা ইরানের জ্বালানি বাণিজ্য ও দেশটির অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর দেশ কোনো যুদ্ধ চায় না; তবে যেকোনো আগ্রাসনের মুখে ইরান নীরব থাকবে না এবং আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর জবাব দেবে। কিরগিজস্তান সফরের প্রাক্কালে রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ইরানের লারাক দ্বীপে মার্কিন বিমান হামলার জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। একই সঙ্গে উপসাগরীয় জলসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অন্যদিকে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে দুটি নৌমাইনের আঘাতে একটি সুপারট্যাংকরে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
নতুন করে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর চাপ বাড়াতে প্রতি সপ্তাহেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। বিশেষ করে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন চালিয়ে যাওয়া বিদেশি ব্যাংকগুলোকে ডলারভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
kalprakash.com/IM