সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৭:৫১

কেন বারবার ছাতা হারিয়ে ফেলেন? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৩৪
শেয়ার: mail
কেন বারবার ছাতা হারিয়ে ফেলেন? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বর্ষা ও তীব্র রোদে ছাতা আমাদের নিত্যসঙ্গী। কিন্তু প্রয়োজনীয় এই জিনিসটিই সবচেয়ে বেশি হারিয়ে যায়। বাস, ট্রেন, অফিস, রেস্তোরাঁ, শপিংমল কিংবা বন্ধুর বাড়ি—কোথাও না কোথাও ছাতা ফেলে আসার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। নতুন ছাতা কেনার কয়েক দিনের মধ্যেই সেটি হারিয়ে ফেলার ঘটনাও অস্বাভাবিক নয়।

অনেকে বিষয়টিকে নিছক অসাবধানতা বা ভুলে যাওয়ার অভ্যাস মনে করলেও মনোবিজ্ঞানীরা বলছেন, এর পেছনে মানুষের মস্তিষ্কের কিছু স্বাভাবিক আচরণগত বৈশিষ্ট্য কাজ করে। মনোযোগের পরিবর্তন, অভ্যাস, আবহাওয়ার প্রভাব এবং কোনো বস্তুর প্রতি মানসিক গুরুত্ব—সব মিলিয়েই তৈরি হয় এই প্রবণতা।

চোখের আড়াল, মনের আড়াল

মনোবিজ্ঞানের একটি পরিচিত ধারণা হলো Out of Sight, Out of Mind। অর্থাৎ, কোনো বস্তু চোখের সামনে না থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে সেটিকে কম গুরুত্ব দিতে শুরু করে।

বৃষ্টির সময় ছাতা মাথার ওপর থাকায় সেটি আমাদের মনোযোগের কেন্দ্রে থাকে। কিন্তু গন্তব্যে পৌঁছে বৃষ্টি থেমে গেলে ছাতা ভাঁজ করে পাশে রাখা হয়। তখন মস্তিষ্ক ধরে নেয় কাজ শেষ। ফলে অল্প সময়ের মধ্যেই সেটির কথা ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

কেন মোবাইল নয়, হারায় ছাতা?

মোবাইল ফোন, মানিব্যাগ কিংবা গাড়ির চাবি হারালে আমরা দ্রুত টের পাই। কারণ এসবের সঙ্গে আর্থিক ক্ষতি, প্রয়োজনীয় তথ্য ও দৈনন্দিন ব্যবহার জড়িত থাকে।

অন্যদিকে অনেকেই অবচেতনভাবে মনে করেন, ছাতা হারিয়ে গেলে নতুন একটি কিনে নেওয়া সম্ভব। ফলে মস্তিষ্ক ছাতাকে উচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখে না। তাই বের হওয়ার সময় ব্যাগ, ফোন ও মানিব্যাগের কথা মনে থাকলেও ছাতার কথা সহজেই ভুলে যাওয়া হয়।

আবহাওয়ার পরিবর্তনও একটি কারণ

বাংলাদেশের আবহাওয়া দ্রুত বদলে যায়। সকালে প্রবল বৃষ্টির মধ্যে বের হলেও অফিসে পৌঁছানোর আগেই রোদ উঠতে পারে।

বৃষ্টি থেমে গেলে ছাতার প্রয়োজনীয়তা কমে যায়। ফলে বাসের সিট, অফিসের কোণ বা রেস্তোরাঁর চেয়ারে ছাতা ফেলে আসার ঘটনা ঘটে।

ব্যস্ত জীবনের প্রভাব

বর্তমান জীবনে একসঙ্গে অনেক কাজ সামলাতে হয়। অফিসের চাপ, ফোনকল, মিটিং, কেনাকাটা ও যানজটের কারণে মানুষের মনোযোগ বিভিন্ন দিকে বিভক্ত থাকে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের ওয়ার্কিং মেমোরি একসঙ্গে সীমিত সংখ্যক বিষয় মনে রাখতে পারে। তাই ব্যাগ, ফোন, টিকিট বা গন্তব্য নিয়ে ব্যস্ত থাকার সময় ছাতার মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বস্তু সহজেই স্মৃতি থেকে সরে যায়।

দামি ছাতা কম হারানোর কারণ

গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত নিজের পছন্দের, ব্র্যান্ডেড বা তুলনামূলক দামি ছাতা কম হারান।

এর কারণ, মূল্যবান বা আবেগের সঙ্গে জড়িত বস্তুর প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই নিজের পছন্দের রং, নকশা বা উন্নত মানের ছাতা ব্যবহার করলে সেটি মনে রাখার সম্ভাবনাও বাড়ে।

প্রযুক্তিও হতে পারে সমাধান

বর্তমানে অনেকেই চাবি বা ব্যাগের মতো ছাতার সঙ্গেও ব্লুটুথ ট্র্যাকার ব্যবহার করছেন। স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে ছাতার অবস্থান খুঁজে পাওয়া সম্ভব।

এ ছাড়া ছাতার হাতলে নিজের নাম ও ফোন নম্বর লিখে রাখলে কেউ পেলে ফেরত দেওয়ার সম্ভাবনাও বাড়ে।

ছাতা হারানো এড়াতে যা করবেন

  • বের হওয়ার আগে মোবাইল, মানিব্যাগ, চাবির সঙ্গে ছাতাকেও মানসিক চেকলিস্টে রাখুন।
  • অন্যের বাড়ি, অফিস বা রেস্তোরাঁয় গেলে ছাতা এমন জায়গায় রাখুন, যেখান দিয়ে বের হওয়ার সময় অবশ্যই চোখে পড়বে।
  • উজ্জ্বল রঙের বা ব্যতিক্রমী নকশার ছাতা ব্যবহার করুন।
  • সম্ভব হলে ব্যাগে ছোট ভাঁজ করা ছাতা রাখুন।
  • ছাতার হাতলে রঙিন ফিতা, স্টিকার বা ট্যাগ লাগান, যাতে সহজে নজরে আসে।
  • বাস বা ট্রেন থেকে নামার আগে ফোন, ব্যাগ ও ছাতা—এই তিনটি জিনিস একবার দেখে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, মিডিয়াম এবং মনোবিজ্ঞানভিত্তিক আচরণগত গবেষণা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward